মনে হয় না সরকারের পতন হবে : কৃষিমন্ত্রী

বিএনপি ১৪ বছর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারেনি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘আমার মনে হয় না সরকারের পতন হবে। তারা বিরোধী দল, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছে। ২০০৮ সাল থেকেই তারা আন্দোলনে আছে। তারা মনে করেছে আন্দোলন ধাপে ধাপে এগিয়ে নেবে। তারা ১৪ বছর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারেনি।’

আজ বৃহস্পতিবার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের প্রেসিডেন্ট ববি কাওনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাতে যদি বিএনপি ২০১৪ সালের মতো অংশ না নেয়, তবে আমি মনে করি তাদের অস্তিত্ব সঙ্কট হবে।’

জ্বালানির দাম বেড়ে যাওয়া খাদ্য উৎপাদনে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নে মন্ত্রী জানান, খাদ্য সঙ্কট হবে না। কৃষকের লাভ কম হবে, ক্ষতিগ্রস্ত হবে। আয়ের ওপর বড় প্রভাব পড়বে।

কানাডার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘পটাশিয়াম সরবরাহ করে হাইকমিশনার ক্রাইসিসের সময় একটা বড় ভূমিকা রেখেছিলেন। যখন আমরা রাশিয়া ও বেলারুশ থেকে আনতে পারছিলাম না, তখন তারা সেই সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা তাদের অনুরোধ করেছি তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষি পণ্য নিতে পারে। সেই ব্যপারে তারা সহযোগিতা করবে। এগ্রো প্রসেসিংয়ে বাংলাদেশের দক্ষতা বৃদ্ধিতে তারা এগিয়ে আসবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.