‘একুশ শতকে গ্রামের আলাপ: বিনোদন প্রসঙ্গ

২০০০ সালে আমাদের গ্রাম এবং আশপাশের অধিকাংশ গ্রামের বাড়িতেই সে সময়ে বিদ্যুৎ ছিল না। হাতেগোনা কিছু বাড়ি ছিলবিদ্যুৎ সুবিধার আওতাভুক্ত। ওই বাড়িতে টেলিভিশন ছিল আর সাড়া গ্রামে সবমিলে আরো ২টি টেলিভিশন অন্য ২টি বাড়িকেঅলঙ্কৃত করতো। এ দুটি টিভি চলতো ব্যাটারির সাহায্যে, মাঝেমধ্যেই দেখতাম সাইকেলের পেছনটায় ব্যাটারি বেঁধে চার্জারেরদোকানে চার্জ দিতে নিয়ে যাওয়া হচ্ছে।

 

শুক্রবারে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। দিনটি যুবক-কিশোরদের জন্য ইদের দিনের মতোআনন্দের ছিল। যে বাড়িতে টিভি আছে, সে বাড়ি পরিণত হত লোকারণ্যে। বাদ জুম্মা টিভিতে পবিত্র কুরআান হতে তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠান্তে একটি দেশের গান হতো। তারপর ঘোষক হাসিমুখে উপস্থিত হয়ে বলতেন সুধী দর্শক, আজকে দেখবেনপূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভণ্ড’ অথবা ‘আখেরি জামানা’; শ্রেষ্ঠাংশে রুবেল, পপি, মৌসুমী, মিজু আহম্মেদ, দিলদার ওঅন্যান্যরা। এই ঘোষণার সময় এবং গোটা সিনেমা জুড়ে তীব্র টানটান উত্তেজনা বিরাজ করতো। সিনেমার বিরতিতে বিজ্ঞাপনচলার সময় অতিরিক্ত চার্জ খরচ বাঁচানোর জন্য খুলে রাখতে হতো ব্যাটারির ক্লিপ। এ সুযোগে অনেকেই প্রাকৃতিক কাজ সেড়েআসতো। আবার শুরু হতো সিনেমার ডুসডুস, ফুঁসফুঁস, চরম উত্তেজনা।  মুহূর্তেই দর্শক হৃদয় হাস্যরস, করুণরস অথবাবীররসে হয়ে উঠত আপ্লুত। চলচ্চিত্রের শেষ দৃশ্যেই শুধু দর্শকগণ নায়কনায়িকার মিলনদৃশ্য দেখে হাঁফ ছেড়ে বাঁচতো। এই হাফছেড়ে বাঁচাকেই বোধ হয় গ্রিক পণ্ডিত এরিস্টটল ‘ক্যাথারসিস’ বলেছিলেন।

 

সিনেমা ছাড়া গুলসানাবার, মুগলি ও অন্যান্য অনুষ্ঠান ব্যাটারি চালিত টিভির মালিকগণ খুব হিসেব করে দেখতেন, দীর্ঘমেয়াদীক্রিকেট খেলা দেখানোরতো প্রশ্নই উঠে না। কারণ চার্জ পোড়ানো যে মহা অন্যায়। আর ওইসব অনুষ্ঠানে সকলের প্রবেশাধিকারওছিল না। পরিবারের সদস্যবর্গ এবং বিশেষ প্রতিবেশী স্বজনেরাই ওসব অনুষ্ঠান  উপভোগ করার সাথেসাথে ভোগও করতেন।

 

মাঝেমধ্যে বাড়ির মালিক কিছু তরুণদেরকে গৃহস্থালি কাজ যেমন ধানের আঁটি আনা, শুপারি সহ অন্যান্য ফল পাড়ানো প্রভৃতিকাজ করার বিনিময়ে টিভি দেখার অনুমতি দিতেন। ওইসব তরুণরাও ‘কাজের বিনিময়ে টিভি দেখা’ প্রকল্পে সোল্লাসে সাড়া দিত।গ্রামের মাঝবয়সী ও মুরুব্বীগণ এহেন সিনেমা ( যাকে তারা ‘বই’ বলতেন) দেখাকে গর্হিত পাপকাজ বলে গণ্য করতেন।

 

২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্তও গ্রাম অঞ্চলে টিভি খুব বেশি মানুষের বিনোদন মাধ্যম ছিল না। বৃহত্তর পরিসরে এবংনানাঙ্গিকে মনকে রাঙিয়ে তুলতো রেডিও। রেডিও শোনার মাধ্যমেই সবার কাজে সঞ্চারিত হতো গতি। শৌখিন গৃহবধূগণরেডিওর গান শুনতেশুনতে তরকারি কুটতেন, মাটির চুলায় রান্না বসাতেন। অনেক শিক্ষার্থীদেরকেই বেতারের অনুষ্ঠান শুনতেশুনতে অঙ্ক করতে দেখেছি। আমার চাচা রেডিও শুনতে শুনতে ধান কাটতেন, খড় নাড়তেন, জমির আগাছা পরিষ্কার করা সহসকল কাজই করতেন। বিজ্ঞাপনগুলোও অনেকের শুনতেশুনতে প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল।

 

তরুণ সমাজে রেডিও সবচে বড় ভূমিকা রেখেছিল ক্রিকেট ফুটবল খেলার ধারাবিবরণী শোনানোর মাধ্যমে। চৌধুরী জাফরুল্লাশারাফাত, খোদাবক্স মৃধা প্রমুখ ভাষ্যকারগণ তখন রীতিমত তারকা। ধারাভাষ্য শোনা ছাড়াও খবর, গানের ডালি, নাটক, নিশুথি অধিবেশন সহ নানা অনুষ্ঠানের পসরায় জমজমাট থাকতো রেডিও। রোজার দিনে সেহরি ইফতারের সময়সূচি জানারওপ্রধান অনুষঙ্গ ছিল রেডিও। সত্যিকার অর্থেই তখন বেতার ছিল গণমানুষের অন্যতম প্রধান বিনোদন মাধ্যম।

 

গ্রামের কয়েকঘরে টেপ(গ্রামে ক্যাসেট বলে) বাজতে দেখেছি। তারা ক্যাসেটের ফিতা বাজিয়ে গান শুনতো। জেমস, বাচচু, মনিরখান, আসিফ, মমতাজ, আশরাফ উদাসের গান। অনেকেই শুনতেন ‘মনিরের ফাঁসি’ পালা এবং নানা ধরনের ওয়াজ।মাঝেমধ্যে ক্যাসেট চুরির গল্পও উৎসুক জনের মুখে শুনতাম।

 

গ্রামের বিয়েতে, মুসলমানির অনুষ্ঠানে, ধানকাটা শেষে অথবা নির্বাচনে জয়ের পর চাঁদা তুলে বা কারো সৌজন্যে ভিসিআরভাড়া করে আনা হতো। বাড়ির আঙিনা ভরে যেত তরুণযুবকের সমাগমে। রাতভর দিনভর চলতো ইলিয়াস কাঞ্চন, মান্না, শালমান শাহ, রিয়াজ, অঞ্জু ঘোষ, মৌসুমী,  শাবনুর, পুর্ণিমা, পপিদের ছবি। মৌলভীগণ মাঝেমধ্যে লাঠি নিয়ে তেড়ে আসতেন।তখন সাময়িকভাবে বন্ধ করে লুকিয়েছাপিয়ে রাখা হতো। ২০০৩ সালের পর গ্রামে ভিসিআরের পরিবর্তে কয়েকবছর সিডিপ্লেয়ারের আগমন নির্গমন দেখেছি।

 

২০০৬ সাল পর্যন্ত জনপ্রিয় গানগুলো গ্রামের সবাই একযোগে শুনতো আইসক্রিম ওয়ালাদের মাধ্যমে অথবা কোনও উপলক্ষেমাইক ভাড়া করে আনার বদৌলতে। সাধারণত মমতাজ, আসিফ, মনির খান, শান্ত, বেবি নাজনীনের গান অথবা তরতাজাজনপ্রিয় সিনেমার গানগুলো আইসক্রিমওয়ালা সাগ্রহে বাজাতেন। হালখাতার মাইকেও এমনসব গান শুনতে শুনতেই গানগুলোমুখস্থ হয়ে যেত আগ্রহী সমোঝদারদের।

 

তরুণ যুবকগণ কোনও উপলক্ষ্যে, সে হতে পারে ঈদ, খেলা, নির্বাচন অথবা প্রেমিকার বিরহযাপনকে আরও লোকদ্যাখানোলোকশোনানো করে তোলার জন্য মাইক ভাড়া করে আনতো। রাতভর সে মাইকে গান বাজতো। ‘ও প্রিয়া তুমি কোথায়’ ‘ওপাষাণী বলে দাও কেন ভালো বাসোনি’ সহ কঠিন কঠিন সব গান! কখনোও প্রেমিক মাইকের মুখটা প্রেমিকার বাড়ির পানে রেখেএকের পর এক পরিবেশন করতো অতি আবেগীয় গানগুলো। হয়তো, প্রেমিকা বাসায় শুয়ে শুয়ে গর্ববোধ করতো প্রেমিকের গানশুনে।   ২০০৬-০৭ সালের পরের দিকে মাইকের বদলে ইয়াবড় সাউন্ডবক্সে একই কায়দায় দিনভর বাজতো কখনো মিলার’রুপবানে নাচে কোমর দুলাইয়া’ অথবা ‘পাগলু ড্যান্স ড্যান্স’। গ্রামে, গানের বিটে আজো কাঁপতে থাকে প্রেমিকার বাড়ি সহ গোটাগ্রামই। এ কাঁপন মাঝেমধ্যে থামিয়ে দেওয়ার ক্ষমতা শুধু  মৌলভীগণেরই ছিল।

 

২০০৬ সালের আগে গ্রামের কিশোরী, বালিকা ও গৃহবধুদের উল্লেখযোগ্য কোনও বিনোদন ছিলনা বললেই চল। বিটিভিরসিনেমা দেখার সময় কোনও মহিলাদের দেখতাম না। অল্প কয়েকজন শিশু কিশোরী দেখতাম মাঝেমধ্যে। গোল্লাছুট, চারগুটি, ধাপ্পি খেলানোর বয়স পার করার পর গ্রামের মেয়েরা যখন সিক্সসেভেনে উঠতো তখোনি বিয়ে হয়ে যেত কোনও রিক্শাওয়ালাঅথবা দিনমজুরের সাথে। তারপর গৃহপরিস্কার, রান্না, কান্না, বাচ্চা জন্মদান ও তাদের লালনপালনচক্রেই তারা সীমাবদ্ধ। কারোকারো রেডিও শোনাার সৌভাগ্য হতো। আর বাতাসের কল্যাণে যেসব গান ভেসে আসতো ওসবই তারা শুনতেন। না, কোথাওশখ করে বেড়ানো, টিভি দেখা, বই পড়ার মতো শখকে মিটাতে পারা খুব কম নারীর ভাগ্যেই ২০০৬ সালের আগে জুটেছে।

 

তবে তখন কিছু নারী হয়ত তাঁর স্বামীসহযোগে অথবা স্কুল ডিঙিয়ে কলেজ পড়ার দরুন প্রেমিকসহযোগে মাঝেমধ্যে হলে গিয়েসিনেমা দেখতে পারেন। এই সিনেমা দেখার ভাগ্যও ২০০০ সালের আগেই নারীগণের কপালেই বেশি জুটেছিল কারণ তারপরপরই  ‘মাথা নষ্ট’ ‘নয়া কসাই’ ‘আজকের ক্যাডার’ ‘খাইছে তোরে’ টাইপ অশ্লীল সিনেমার বহুল প্রদর্শনী চলতে থাকে।

 

২০০০ সালের দিকে আশপাশের গ্রামে প্রায়ই যাত্রাপালার আয়োজন হতো। মানুষ ওইসব অনুষ্ঠানে বিশেষত তরুণরা হুমড়েপড়তো।

 

মাঝবয়সী পুরুষরা নানা কাজে ব্যস্ত থাকতেন। তারা কয়েকজন মিলে আড্ডা দিতেন, বিড়ি খেতেন। তাদের বিনোদন বলতেহাঁটে গিয়ে ওষুধ বেঁচার কেচ্ছা শোনা, এক গ্রামের সাথে অন্য গ্রামের ফুটবল, হাডুডু খেলা হলে তা দেখতে যাওয়া। কিছু বয়স্কলোককে কার্ড ( গ্রামে তাশ বলে) খেলতে দেখিছি, এটা কখনো শখের বশে অথবা কখনো জুয়া হিসেবেও খেলা হতো। তবে সকলশ্রেণির পুরুষকেই খুব আগ্রহী উৎসুক লাগতো নির্বাচন এলে, জমজমাট আড্ডা, তর্ক- হুল্লোড়ে মেতে থাকতো গ্রাম। মাঝবয়সীপুরুষদের, নারীদের মতোই তেমন কোনও চিত্তবিনোদনে মন রাঙাতে দেখিনি।

 

একুশ শতকের ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সকল গ্রামীণ সাংস্কৃতিক কাঠামো প্রায় একই রকম। শুধু টেলিভিশন, রেডিও, সিনেমা হল আর স্বল্পমাত্রায় ফোন ব্যাবহার ছাড়া ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসেচিত্রিত গ্রামের সাথে ২০০৬ সালের বাংলাদেশের অধিকাংশ গ্রামের তেমন কোনও মৌলিক পার্থক্য নেই।

 

আমাদের গ্রামে ২০০৬ সালে প্রায় সকল বাড়িতে বিদ্যুৎ আসে, বিদ্যুতের হাত ধরে আসে ডিশলাইন। এখন প্রত্যেক  ঘরেঘরেবিদ্যুৎ, টেলিভিশন।  কেউ কারো বাড়িতে টিভি দেখতে যায় না। আগে গ্রামে একটা চায়ের দোকান ছিল এখন এক মোড়েই পাঁচটিচায়ের দোকান। চায়ের দোকানটি মাঝবয়সী উপার্জনক্ষম পুরুষদের দখলে। বড় রঙিন এলইডি টিভিতে ঝকঝক করে ভেসে ওঠেছবি। চলতে থাকে খবরের পর খবর, খেলা, রাজনৈতিক ধারাভাষ্য আর মান্না মুনমুন ময়ুরী মৌসুমীর ছবি। প্রায় সব গ্রাম মহল্লারচা-স্টলেই সিনেমা চলে। সিলেট, মৌলভীবাজার, গাজীপুর, ঢাকার অনেক গ্রামেই চা-স্টলে সিনেমা চলতে দেখেছি। শ্রমিকগণদিনভর কাজ করে রাত বারোটা অবধি সিনেমা দেখে, তারপর চা-বিড়ি-পান খেয়ে বাড়ি যায়। মাঝেমধ্যে ইদানিং টিভিতেওয়াজও চলে। খেলা থাকলে চলে খেলা, তবে খেলা দেখাকে কেন্দ্র করে জুয়ার প্রবণতা ভয়াবহ মাত্রায় দিনদিন বেড়ে চলছে।

 

মাঝবয়সীগণ অথবা ত্রিশের উপর বয়সী নারীপুরুষ যারা তারা সাধারণত স্মার্টফোনে অভ্যস্ত নন। ব্যাবহার করতে ডরান।তাদের বিনোদোন শুধু টিভিকেন্দ্রিক। তবে তরুণদের ছাত্রদের বিশেষত দশ থেকে ত্রিশের কম বয়সীদের হাতে হাতে স্মার্টফোন।গ্রামের গরীব ও ধনী প্রায় সবার সন্তানদের হাতেই স্মার্টফোন আছে। তাদের পড়ালেখা খেলাধুলার প্রতি আগ্রহ নেই বললেইচলে। ফুটবল, ক্রিকেট, দাবা, ক্যারম সহ  সবই তারা মোবাইলেই খেলে থাকে। ফেইসবুক তাদের বিনোদনের অন্যতম উৎস।সাথেসাথে ইউটিউবে সিনেমা দেখা, গান শোনা, খেলা দেখা, নানা ঘরানার ওয়াজ শোনা, কে কার বউ, কে কাকে তালাক দিল, কী খেলে কী হয়, যৌনতার সকল সমস্যার সমাধান সহ পর্ন দেখারও গুরুত্বপূর্ণ মাধ্যম এই স্মার্টফোন। যুবকদের মাথা অধিকাংশসময় নিচু থাকতে দেখা যায় স্মার্টফোনের কল্যাণে এবং তাদের সবাইকে কথাবার্তায় মনে হয় সর্ববিদ্যায় পারদর্শী।

 

ত্রিশের কমবয়সী মেয়েদেরও স্মার্টফোন আছে তবে পড়ুয়াদেরই বেশি। তাদের ফোনাসক্তি কিছুটা কম, ফেইসবুকেই সাধারণত  সীমাবদ্ধ। মেয়েরা পড়ালেখায় ছেলেদের চেয়ে বেশী মনোযোগী। প্রতি শ্রেণির পরীক্ষার ফলাফলেও এটা প্রমাণিত। তবে গ্রামেরমেয়ে ও মায়ের হাতেই টিভির রিমোট কম্ট্রোলটি ইদানিং দখলে থাকে। তারা সাধারণত খবর, খেলা কম দেখেন। স্টার জলসা, জি-বাংলা, সনি এইটের ‘ক্রাইম পেট্রোল ‘ ও রোমান্টিক বাংলা সিনেমা তাদের খুবই প্রিয়। শিশুরা ব্যাস্ত মোটুপাতলু, শিবা, ডোরেমন, সিসিমপুর দেখা নিয়ে।

 

২০০০ সালের পরথেকে ২০২০ সাল পর্যন্ত গ্রামের কোনো মেয়ে গান শিখবে বা গাইবে, এমন কথা কখনও শুনি নি। কিছু ছেলেউপজেলায় গিয়ে নাচ শিখেছে। গ্রামের পুজোয় তাদের নাচ অনেকবার দেখে মুগ্ধ হয়েছি। পুজোর অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীসকল বয়সের ছেলে পুরুষদের নাচতে দেখেচি। মেয়েদের নৃত্য কখনোই দেখিনি। মাঝেমধ্যে পুজোয় যাত্রাপালার মতো করে ‘সং’ আয়োজন করা হতো, যার দর্শক হিসেবে গ্রামের মুসলমানদের অনেকেই সোল্লাসে উপস্থিত হতেন। পুজোর সময়টা সকলসম্প্রদায়ের যুবক তরুণদের আগের মতো আজো ধুমধাম করেই কেটে যায়।

 

বই পড়ার অভ্যাস গ্রামের কারোরই নেই বললে চলে। কোনও বাড়ির পড়ার টেবিলেই বোধ হয় রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দিন,  হুমায়ুন আহমেদের বই খুঁজে পাওয়া যাবে না। তবে  ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ব্র্যাকের কল্যাণেকিশোরকিশোরীদের জন্য পাঠাগারের ব্যবস্থা ছিল। সেখান থেকে কেউ কেউ বই এনে পড়তো, অধিকাংশেরা আবার না পড়েইফেরত দিত। বই পড়ার সাথে কিঞ্চিৎ নাচগানের চর্চাও ওই পাঠাগারে  হতো। গ্রামের স্কুলে সীমিত পরিসরে পাঠাগার থাকলেওপাঠকের দেখা সেখানে খুব কমই দেখা যায়।

 

এই ২০২০ সালে এসে দেখছি শিশু ও বয়স্কদের জন্য টেলিভিশন আর অল্পবয়সী তরুণদের জন্য স্মার্টফোন ছাড়া আর কোনওবিনোদন  মাধ্যম কোথাও নেই। তেমন কেউই বই পড়ে না, বাগান করে না; খেলার মাঠ পড়ে থাকে শূন্য। কবিতা আবৃত্তি, বিতর্ক, বুদ্ধিবৃত্তিক  অনুশীলন, গাননৃত্য শেখার কোনও সুযোগ নেই যেমন তেমনি কারো আগ্রহও নেই। চাকরির সুবাদে যারা মধ্যবিত্তহয়ে উঠছেন অথবা উচ্চশিক্ষা গ্রহণকারীগণদের অধিকাংশই গ্রামবিমুখ। এর সুবাদে গ্রাম্য তরুণরা হয়ে উঠছে প্রতিক্রিয়াশীল, প্রযুক্তির যুক্তি তাদেরকে মাদকের মতো আসক্ত করছে কিন্তু আলোকিত করতে পারছে না, আলোড়িত তো নয়ই। এই প্রযুক্তিনির্ভর বিনোদন ব্যবস্থায় সবাই যেন স্বাভাবিকতা ও প্রাকৃতিকতা বিমুখ; কান পাতলে এই গ্রামদেশেও একে-অপরের সাথেবিচ্ছিন্নতার ও  হাহাকারের সুর শুনি।

 

বুঝি, তাদের এই হাহাকার নিজেকে না জানা ও না চেনার জন্য, তাদের এই হাহাকার আত্মকে প্রতিনিয়ত অনাবিষ্কৃত রাখারজন্য।

আবু জাফর শিহাব (এল এল বি)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.