ভীতির সঞ্চার করা ও রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবারের সহিংসতায় যারা মারা গিয়েছেন এবং আহত হয়েছেন তাদের পরিবারবর্গের প্রতি শোক জানিয়েছেন তিনি। দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে তিনি আরও বলেন, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাই আমরা। একই সঙ্গে সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই। বিবৃতিতে তিনি আরও বলেন, ওই সহিংসতার বিষয়ে তদন্ত করতে আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উৎসাহিত করি। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ করা এবং শান্তিপূর্ণ সমাবেশের মতো মৌলিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান জানাই।

