সতর্কতা কমে যাওয়ায় কোভিডের মারাত্মক ধরন সৃষ্টি হতে পারে

কোভিড মোকাবিলায় মানুষের সতর্কতা কমে যাওয়ায় এই ভাইরাসের মারাত্মক নতুন ধরন তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (২ ডিসেম্বর) ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস এমন সতর্কবার্তা উচ্চারণ করেন বলে জানিয়েছে রয়টার্স।

আডানম গেব্রিয়াসিস বলেন, “এ বছর কোভিড মোকাবিলা কৌশলের ত্রুটিগুলো একটি মারাত্মক নতুন ভ্যারিয়েন্টের উদ্ভবের পরিস্থিতি তৈরি করে চলেছে। চীনের কিছু অঞ্চল সংক্রমণ বৃদ্ধির ঘটনা প্রত্যক্ষ করেছে।”

এর আগে, গত সেপ্টেম্বরেই করোনাভাইরাসের শেষ দেখা যাচ্ছে বলে আশাবাদের কথা জানিয়েছিলেন গেব্রিয়াসিস। কিন্তু এর কয়েক মাসের মধ্যেই তার কথায় পরিবর্তন দেখা গেলো।

শুক্রবার তিনি বলেন, “মহামারির জরুরি অবস্থা শেষ হয়ে গেছে; আমরা এখন এটি বলার জন্য অনেক কাছাকাছি অবস্থায় রয়েছি। তবে মহামারি শেষ হয়ে গেছে; এখনই এমনটা বলার সুযোগ নেই।”

চীনের পাশাপাশি সম্প্রতি যুক্তরাজ্যের কিছু অংশেও নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

বিশ্বব্যাপী সরকারগুলোকে ৬০ বছরের অধিক বয়সী এমন ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টিকাদানের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে ডব্লিউএইচও।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.