প্রবীণ আইনজীবী ও বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন আর নেই

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

শনিবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, রাত ১০টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত কয়েকদিন থেকে লাইফ সাপোর্টে ছিলেন খন্দকার মাহবুব হোসেন। মেডিক্যাল বোর্ড ও পরিবারের সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে শনিবার রাতে তার ডায়ালেসিস করা হয়।

খন্দকার মাহবুবের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ। তার পৈতৃক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। একই বছরের ২০ অক্টোবর তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৭৩ সালে তিনি দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারে জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন।

খন্দকার মাহবুব বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। ২০১৬ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.