রংপুর সিটি করপোরেশনে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোটের আড়াই ঘণ্টা অতিবাহিত হওয়া সময়ের মধ্যে কোনো অভিযোগ পান নাই বলে জানান তিনি। শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে এ সিটি ভোট শেষ হওয়ার আশাও প্রকাশ করেন সিইসি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢাকায় বসে মনিটিরিং করার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলে, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটারদের উপস্থিতি আমাদের মতে সন্তোষজনক। সিসিটিভির মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল মাধ্যম প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করা সম্ভব।
নির্বাচনের সুস্থতা, শুদ্ধতা সঠিকতা নিশ্চিত করা সেই কাজটা আমরা করে যাচ্ছি জানিয়ে তিনি বলেন, আপনারা আরও অপেক্ষা করুন।পরবর্তীতে আরও তথ্য জানতে পারবেন। দিনশেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।
হাবিবুল আউয়াল বলেন, আমরা বলেছি এখন পর্যন্ত যথেষ্ট ভালো হয়েছে।আমরা দেখি যখন ভোট কার্যক্রম শেষ হবে তখন আপনারা জানবেন আমরাও জানবো।
শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে রংপুর ভোট গৃহীত হবে আশা প্রকাশ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এখন যেটা দেখা যাচ্ছে সেটারই ইঙ্গিত।
ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) ধীরগতির বিষয়টি আপেক্ষিক বলে মনে করেন কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে হবে কয়জন লোক ইভিএমে ভোট না দিয়ে চলে গেছে। আমরা সেটা মূল্যায়ন করবো। এখন যদি ধীরগতি হতে পারে কিন্তু আমাদের কাছে যদি তথ্য আসে ব্যাপক সংখ্যক ভোটার ধীরগতির কারণে ভোটই দিতে পারে নাই তখন সেটাকে সিরিয়াসলি আমরা গ্রহণ করবো।

