বিয়ের সাজে সেজে উঠেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস

বিয়ের সাজে সেজে উঠেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস। স্থানীয় সময় শনিবার চার হাত এক হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি নাওমি এবং তার বাগ্‌দত্ত পিটার নিলের। ১৮১২ সাল থেকে এখন পর্যন্ত ১৮টি বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে আমেরিকান প্রেসিডেন্টের সরকারি বাসভবনে। নাওমি-পিটারের বিয়ে সেই তালিকায় ১৯তম সংযোজন।

তবে এই প্রথম কোনও প্রেসিডেন্টের নাতনির বিয়ের সাক্ষী থাকতে চলেছে এই ভবন। বাইডেন হোয়াইট হাউসে নাতনির বিয়ে দিয়ে আরেকটি রেকর্ড গড়লেন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবেও রেকর্ড গড়ছেন জো বাইডেন। আজ রবিবার বাইডেনের ৮০তম জন্মদিন। এর আগে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগ্যান। তিনি ৭৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।

প্রেসিডেন্ট-পুত্র হান্টার বাইডেন এবং তার প্রথম স্ত্রী ক্যাথলিন বুলের কন্যা, ২৮ বছর বয়সী নাওমি এক জন আইনজীবী। তার হবু স্বামী পিটারও আইনের পেশায় রয়েছেন। পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র, ২৫ বছর বয়সী পিটার বৃহস্পতিবার তার আর নাওমির একটি ছবি পোস্ট করে নেটিজেনদের বিপুল শুভেচ্ছা কুড়িয়ে নেন।

গত চার বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা। জুলাই মাসে করা একটি টুইটে নাওমি প্রথম জানিয়েছিলেন যে হোয়াইট হাউস চত্বরেই বিয়ে করতে চলেছেন তারা। লিখেছিলেন, ‘কোথায় বিয়ে করতে চলেছি শেষ পর্যন্ত তা ঠিক করে ফেলেছি আমরা…সাউথ লন-ই সেই জায়গা! উৎসাহ ধরে রাখতে পারছি না আর।’

নিন্দুকদের অবশ্য প্রশ্ন, তবে কি প্রশাসনিক খরচেই সম্পন্ন হচ্ছে এই রাজকীয় বিয়ে? অবশ্য, এক মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে, এই বিয়ের যাবতীয় খরচ বাইডেন পরিবারই মিটিয়ে দেবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.