বকেয়া বেতনের দাবীতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ

চট্টগ্রামে পাঁচ মাসের বকেয়া বেতন না দিয়েই দীপস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিক ও কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও নতুন চাক্তাই করে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করছে কারখানার শ্রমিক ও কর্মচারীরা

আন্দোলনকারীরা জানান, মালিকপক্ষ শ্রমিকদের না জানিয়ে হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখতে পায়।

কারখানাটির কয়েকজন নারী শ্রমিক বলেন, ‘আমাদের এখনো পাঁচ মাসের বেতন বকেয়া আছে। তার ওপর অন্য কারখানাগুলোতে এখন লোক নিচ্ছে না। জানি না কিভাবে ঘর সংসার সামলাবো।‘

কারখানা মালিকের উদ্বৃতি দিয়ে চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী সুপার (এএসপি) মো: সেলিম নেওয়াজ জানান, বর্তমানে পোশাক কারখানাটিতে কোনো কাজের অর্ডার নেই। আয় না থাকায় ৬০০ শ্রমিকের বেতন চালাতে হিমশিম খাচ্ছে মালিক। তাই তারা কারখানা বন্ধ করে শ্রমিক ছাটাইয়ের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এতে শ্রমিকরা চাক্তাই রিং রোডে বিক্ষোভ শুরু করে।

তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আমাদের সদস্যরা সেখানে আছেন।’

বিষয়টি দ্রুত সমাধানের ব্যাপারে মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.