নিউজ়িল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

এক সময় সেমিফাইনালে ওঠাই অনিশ্চিত ছিল তাদের। সেই পাকিস্তানই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেল নিউজ়‌িল্যান্ডকে উড়িয়ে দিয়ে। বুধবার সিডনিতে প্রথম সেমিফাইনালে কেন উইলিয়ামসনের দল হারল সাত উইকেটে। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। ড্যারিল মিচেল অর্ধশতরান করেন। জবাবে মহম্মদ রিজ়‌ওয়ান এবং বাবর আজ়মের জোড়া অর্ধশতরানের সৌজন্যে সাত উইকেট বাকি থাকতে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। বল করতে নেমে প্রথম ওভারেই নিউজ়িল্যান্ডকে ধাক্কা দেয় পাকিস্তান। চতুর্থ বলেই ফিরে যান দলের ওপেনার ফিন অ্যালেন। ঘাতক হিসাবে দেখা দিলেন সেই শাহিন আফ্রিদি। তাঁর সোজাসুজি নেমে আসা বল আড়াআড়ি ভাবে খেলতে গিয়েছিলেন অ্যালেন। লাইন ফস্কান এবং সোজা এলবিডব্লিউ। প্রাথমিক ধাক্কা সামলে নিউজ়িল্যান্ডের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। সেখানেও বাধা পেতে হয়। শাদাব খানের দুর্দান্ত থ্রোয়ে ২১ রানেই ফিরে যান কনওয়ে। গত বিশ্বকাপে তিনি চোটের কারণে খেলতে পারেননি। এ বার আসল ম্যাচে ব্যর্থ। ঝাঁপিয়ে পড়লে রান আউট হওয়ার হাত থেকে বাঁচতে পারতেন। সেটা দেখা যায়নি।

প্রতিযোগিতায় শতরান করা গ্লেন ফিলিপস খেলতে নেমেছিলেন কনওয়ের পর। তিনিও ব্যর্থ। মহম্মদ নওয়াজ়‌ের আপাত নিরীহ বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে দিলেন। তার পরেও নিউজ়িল্যান্ড যে লড়াই করার মতো জায়গায় পৌঁছল, তার পিছনে রয়েছে উইলিয়ামসন এবং ড্যারিল মিচেলের ইনিংস। কেন মিচেলকে দলে নেওয়ার জন্য এত তাড়াহুড়ো করছিল কিউয়িরা, তা এই ম্যাচে বোঝা গেল। আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অর্ধশতরান করে ম্যাচ জিতিয়েছিলেন। এ বারও মূল্যবান ইনিংস খেললেন তিনি। তবে দলকে জেতাতে পারলেন না। দ্বিতীয় স্পেলে বল করতে এসে নিউজ়িল্যান্ডকে আবার ঝটকা দিলেন শাহিন। তুলে নিলেন কিউয়ি অধিনায়ককে। মিচেল (অপরাজিত ৫৩) এবং জিমি নিশামের (অপরাজিত ১৬) সৌজন্যে চার উইকেটে ১৫২ রান তোলে নিউজ়‌িল্যান্ড।

সিডনির এই পিচ কিছুটা ধীরগতির থাকায় লক্ষ্যমাত্রা যে খুব কম ছিল তা বলা যাবে না। কিন্তু নিউজ়িল্যান্ড বোলারদের স্কুলছাত্রের পর্যায়ে নামিয়ে আনলেন পাকিস্তানের ওপেনার। অনেক দিন ধরে রিজ়ওয়ান এবং বাবরের ছন্দ নিয়ে আলোচনা হচ্ছিল। ওপেনিং জুটিতে বিশ্বকাপের আগে পর্যন্ত ভাল খেলেছেন তাঁরা। কিন্তু বিশ্বকাপ থেকে বাবর একেবারেই ছন্দে ছিলেন না। তবু রিজ়‌ওয়ান দু’-একটি ম্যাচে রান করেছেন। আসল ম্যাচেই এই দু’জনে জ্বলে উঠলেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.