সচিবকে অবসরে পাঠানোর কারণ জানেন না তথ্যমন্ত্রী

নিজ মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠানোর কারণ জানেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা সরকারের মধ্যে অতীতেও ঘটেছে। সচিবের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরিয়ে দেওয়া বা তাকে অবসর দিয়ে অন্যত্র যুক্ত করার ঘটনাও ঘটেছে। এর যথাযথ ব্যাখ্যা একমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় দিতে পারবে।

মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে চাকরি থেকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল রোববার (১৬ অক্টোবর) তথ্যসচিব মো. মকবুল হোসেনকে জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.