ডিসেম্বরের মধ্যে চকবাজার থেকে ৫০০ কারখানা স্থানান্তর: তাপস

চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবনটি অবৈধ মন্তব্য করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন,ডিসেম্বরের মধ্যে এই এলাকা থেকে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে।

তিনি বলেন,ভবনটিতে ছিল না কারখানা, গ্যাস, পানি লাইনের লাইসেন্স। এটি মূলত ওয়াকফ এস্টেটের সম্পত্তি।

বুধবার (১৭ আগস্ট) চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নদী অববাহিকার এই এলাকাটি হবে ট্যুরিস্ট স্পট। তা না, এই এলাকায় গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। আপনারা জানেন, ২০১৮ সাল থেকে এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ রয়েছে।

মেয়র বলেন, চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করা হয়েছে যা পর্যায়ক্রমে এখান থেকে সরানো হবে।

এ সময়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ঢাকা-৭ আসনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) চকবাজারের দেবীদাস ঘাট লেনে বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সব জায়গায়। পরে ওই দিন বিকেলে আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.