ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের পেট ফেটে সড়কে জন্ম নেওয়া সেই শিশুকে রাজধানীর আজিমপুরের ছোটমনি নিবাসে নেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে তাকে এখানে হস্তান্তর করেছে সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়। এর আগে শিশুটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
সমাজসেবা অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ‘আমরা শিশুটিকে আজিমপুর ছোটমনি নিবাস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি। এ সময় তার দাদা মোস্তাফিজুর রহমান ও অন্য স্বজনরা ছিলেন। ছোটমনি নিবাস কর্তৃপক্ষের পাশাপাশি শিশুটির স্বজনরাও তার দেখভাল করবেন।’
উল্লেখ্য, গত ১৬ জুন দুপুরে ত্রিশাল উপজেলার রাইমনি গ্রামের জাহাঙ্গীর আলম তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তারকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করতে ত্রিশাল শহরে আসেন। এ সময় তাদের সঙ্গে ছিল শিশু কন্যা সানজিদা। ত্রিশাল শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। এ সময় ট্রাকের চাপায় রত্নার পেট ফেটে কন্যা শিশুর জন্ম হয়। শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

