শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন। তিনি আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন। বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১২ জুলাই) ঢাকার জাপান দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এদিন ঢাকার জাপান দূতাবাসে শিনজো আবের মৃত্যুতে খোলা শোক বইয়ে সই করেন পররাষ্ট্রমন্ত্রী।

এরপর আব্দুল মোমেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই জাপান আমাদের সহায়তা করে আসছে। বিশেষ করে সে সময় জাপানি কোম্পানিগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আমাদের বিশ্বস্ত বন্ধু ছিলেন। তিনি বাংলাদেশেও এসেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার আমন্ত্রণে জাপান সফর করেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে আমরা জাপানকে সমর্থনও দিয়েছিলাম। আর জাপান আমাদের অর্থনৈতিকভাবে নানা সহায়তা দিয়েছে। শিনজো আবে আমাদের দেশের অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে সহায়তা করেছিলেন।

গত ৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান শিনজো আবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.