মৃত্যুও আলাদা করতে পারেনি ২ ভাইকে

মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে মারা গেছে শিশু ২ ভাই। মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। পুকুর থেকে তাদের হাত ধরা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

রোববার বিকালে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলী গ্রামে পুকুরে ডুবে রুহিত মল্লিক (১২) ও পর্ব মল্লিক (৭) নামের দুই ভাই মারা গেছে।

রুহিত ও পর্ব ওই গ্রামের বাসিন্দা রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান। রুহিত পাশের পৃথিমপাশা ইউনিয়নের আলী আমজদ উচ্চবিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।

জানা গেছে, দুই সন্তানকে নিয়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রিংকু-সুরভি দম্পতি। বিজলী গ্রামের বাড়িতে তারা ঘর নির্মাণ করছেন। ঈদের ছুটি থাকায় বিকালের দিকে দুই সন্তানকে নিয়ে তারা কাজ দেখতে যান। এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যা ৬টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালিক বলেন, পর্ব পুকুরে নেমে পড়লে রুহিত তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.