টাইগারদের ১৩৬ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

টাইগারদের ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সিকিন্দার রাজা। আর পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম পাঁচ উইকেট। আর বাংলাদেশের হয়ে চতুর্থ।

রবিবার টসে জিতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি তারা। প্রথম বলেই রেজিস চাকাভাকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান মোসাদ্দেক। ওই ওভারের শেষ বলে আউট করেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ওয়েসলি মাদাভিরাকেও। ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
এক ওভারে দুই উইকেট নেওয়ার পর মোসাদ্দেক সাফল্য পান নিজের দ্বিতীয় ওভারেও। এবার তার শিকার হন ক্রেইগ আরবিন। ৪ বলে ১ রান করে সাজঘরে ফেরত যান স্বাগতিক অধিনায়ক।

নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে মোসাদ্দেক ফেরান শেন উইলিয়ামসকে। ৭ বলে ৮ রান করা এই ব্যাটারের ক্যাচ নিজেই নেন তিনি। ইনিংসের সপ্তম ওভারে মিল্টন সাম্বাকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মোসাদ্দেক। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ও টি-টোয়েন্টি কোনো বাংলাদেশির চতুর্থ পাঁচ উইকেট এটি।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। ৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে থাকা দলকে উদ্ধার করেন রায়ান বার্ল ও সিকান্দার রাজা। দুজন মিলে গড়েন ৮০ রানের জুটি। ৩২ রান করা বার্লকে বোল্ড করে তাদের জুটি ভাঙেন হাসান মাহমুদ।

সিকান্দার রাজাও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫৩ বলে ৬২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে মুনিম শাহরিয়ারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। তাতে জিম্বাবুয়ের ইনিংসও খুব একটা লম্বা হয়নি। ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে তারা।

সিরিজ বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে তাই জিততেই হবে নুরুল হাসান সোহানের দলকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.