সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মাহিদুল ইসলামের (১৯) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার লাশ উদ্ধার হয়।
এর আগে একই দিন দুপুর ১২টার দুই বন্ধুকে নিয়ে গোসল করতে নদীতে নামেন মহিদুল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
মারা যাওয়া মহিদুল ইসলাম নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞা’র ছেলে। তিনি নরসিংদী আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ জানান, মাহিদুল ইসলাম তার বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরে তিনি দুই বন্ধুকে নিয়ে গোসল করতে নদীতে নামেন। এসময় মাহিদুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে ডুবুরি দল এসে সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহিদুলের লাশ উদ্ধার করে।

