সাহারে মরুভূমি দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহে উদ্যোগ নিয়েছে আফ্রিকার তিন দেশ। রাশিয়ার উপর থেকে গ্যাস নির্ভরতা কমাতে যখন বিকল্প উৎস খুঁজতে মরিয়া ইউরোপ, তখনই এই উদ্যোগ নেয়া হলো। এরইমধ্যে এ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে আলজেরিয়া, নাইজার ও নাইজেরিয়া। চুক্তি অনুযায়ী, সাহারা মরুভূমির মধ্য দিয়ে প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ একটি গ্যাস পাইপলাইন নির্মাণ করা হবে।
ডয়চে ভেলের খবরে জানানো হয়েছে, মূলত রাশিয়ার গ্যাসের উপর থেকে নির্ভরতা কমাতে আফ্রিকাকে বিকল্প উৎস হিসেবে দেখছে ইইউ। আফ্রিকা গ্যাস রপ্তানিতে আগ্রহী হলেও তাদের সেই অবকাঠামো নেই। তাই এবার পাইপলাইন নির্মাণের মধ্য দিয়ে সেই সমস্যা দূর করা যাবে। এই পাইপলাইন সাহারা মরুভূমির মধ্যে দিয়ে যাবে। পাইপলাইন বানাতে খরচ হবে এক হাজার তিনশ কোটি ডলার। এই পাইপলাইনের মাধ্যমে বছরে এক ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস নাইজেরিয়া থেকে নাইজার ও আলজেরিয়া হয়ে ইউরোপ পাঠানো যাবে।
আলজেরিয়ায় গ্যাস আসার পর হয় তা ভূমধ্যসাগরের নীচ দিয়ে পাইপলাইন করে অথবা এলএনজি ট্যাঙ্কারে করে ইউরোপে যাবে। ৪০ বছর আগে এভাবে গ্যাস ইউরোপে নিয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছিল।

