৫৭ বছর পর ভারত থেকে নীলফামারীতে ‘মিতালী এক্সপ্রেস’

দীর্ঘ ৫৭ বছর পর ভারতের জলপাইগুড়ির হলদিবাড়ী রেলপথ দিয়ে নীলফামারীতে এসেছে ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন।

বুধবার (১ জুন) দুপুর ২টা ১২ মিনিটে ট্রেনটি চিলাহাটি স্টেশনে পৌঁছে।

‘মিতালী এক্সপ্রেস’ প্রতি রবিবার ও বুধবার ভারতের নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১১টা ৪৫ মিনিটে ঢাকা আসবে এবং ঢাকা থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জানা গেছে, ১৯৬৫ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেলপথে ট্রেন চলাচল অব্যাহত ছিলো। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কারণে তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫৭ বছর পর এই রেলপথে আবারও ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।

আজ ৪০৯ আসনের ট্রেনটি ১২ জন যাত্রী নিয়ে ভারত থেকে ছেড়ে এসেছে। এরমধ্যে চার জন বাংলাদেশি ও আট জন ভারতীয় নাগরিক ছিলেন।

চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাস্টার ময়নুল হেসেন বলেন, পাসপোর্ট ও ভিসা দেখে টিকিট সরবরাহ করছে রেল কর্তৃপক্ষ। ভারত থেকে মিতালী এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে আসেন লোকো মাস্টার (চালক) কৌশিক ঘোষ, সহকারী লোকো মাস্টার রঞ্জন কুমার মিজরা ও বিবেকানন্দ চৌধুরী।

চিলাহাটিতে ৩৫ মিনিট বিরতি দিয়ে চালক ও সহকারী পরিবর্তন করে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। বাংলাদেশি রেকে করে চিলাহাটি থেকে লোকো মাস্টার শরিফুল ইসলাম, সহকারী লোকো মাস্টার শাহাজান আলী, গার্ড সহিদুল ইসলাম ও সহকারী গার্ড হাসান ইমাম ট্রেনটি ঢাকা নিয়ে গেছেন।

ট্রেনটিতে এসি বাথে চার হাজার ৯০৫, এসি সিটে তিন হাজার ৮০৫ ও এসি সাধারণ আসনে দুই হাজার ৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.