বগুড়ার সেউজগাড়ীতে বার্মিজ চাকু নিয়ে মহড়া দেওয়ার অপরাধে নাফিউল ইসলাম নিরব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৪ মে) রাত পৌনে ১০টায় শহরের কারবালা গোরস্থান এর দক্ষিণ পাশের জহুরুলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিরব সেউজগাড়ী পালপাড়া এলাকার ফরিদুল ইসলাম লিটনের ছেলে।
ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে প্রকাশ্যে বার্মিজ চাকু হাতে নিরব তার দলবল নিয়ে মহড়া দেয়। তার এই মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় যুবক সেউজগাড়ী আমতলা এলাকায় চাকু নিয়ে মহড়া দিচ্ছে। আর তার পেছনে আরো কয়েকজন। এসময় ভিডিও করা ব্যক্তিদের উদ্দেশে নিরবকে চিৎকার করে বলতে শোনা গেছে, ‘ছবি তোলেন, ছবি তোলেন, আপনারা বড় সাংবাদিক’। এরপরপরই বগুড়ার পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে। পরে গোপন তথ্য এবং প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। মহড়ায় দেখানো চাকুটি উদ্ধার করে পুলিশ।
বগুড়ার ডিবি ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, বিষয়টি জানার পরপরই আমরা তাকে ধরতে অভিযান চালাই। পরে তার লোকেশন নিশ্চিত হয়ে তাকে জহুরুলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইতোপূর্বে একটি মাদক মামলা রয়েছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শণ করে এলাকায় ত্রাস সৃষ্টি করায় নিরবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

