শ্রীলঙ্কার জন্য সহায়তা চাইলেন ‘মানিকে মাগে হিতের’ শিল্পী

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আছে। বাজারে পণ্য নেই। খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। মূল্যস্ফীতির রেকর্ড হয়েছে। ব্যাপক দুর্দশায় দিন যাপন করছে মানুষ।

এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার জন্য সহায়তা চাইলেন ‘মানিকে মাগে হিতে’ গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেওয়া ইয়োহানি ডি’সিলভা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিও বার্তা ও স্ট্যাটাসে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
ইয়োহিনি লিখেছেন, আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার সংগীতের ভক্তরা গানের বাইরেও আমাকে হৃদয়ের কিছু কথা বলার সুযোগ দেবেন। কয়েক সপ্তাহ যাবত আমি ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ শ্রীলঙ্কার স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট পার করছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।

অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা স্বর্গের মতো দাবি করে তিনি লিখেছেন, গত কয়েক দিনে আপনারা হয়তো শ্রীলঙ্কা নিয়ে অনেক খারাপ খবর পাচ্ছেন, তবে আমি হলফ করে বলতে পারি, আমার জন্মভূমি দ্বীপরাষ্ট্র সত্যিই স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ, যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত।

ব্যক্তি এবং শিল্পী হিসেবে বরাবরই তিনি অরাজনৈতিক উল্লেখ করে বলেন, আমি ও আমার দল কারো কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও আমি এ নীতি বজায় রাখব। তবে দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি।

ইয়োহানি বলেন, আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায়। আমি আশা করি ভারত ও বিশ্বজুড়ে আমার এ উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলঙ্কার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার।

সহযোগিতার বিষয়ে বিস্তারিত ও অর্থ পাঠাতে লিংক যুক্ত করে ইয়োহানি শেষদিকে বলেছেন, আমি জানি সংগীত এমন একটি ভাষা, যা আমাদের সবাইকে সার্বজনীনভাবে যুক্ত করে। আশা করি আমার গান শ্রীলঙ্কার প্রতি আপনাদের সমর্থন জোগাতে সহায়তা করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.