‘নিউ মার্কেটের সংঘর্ষ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় সরকার’

রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী, ছাত্র ও পুলিশের মধ্যকার সংঘাত ও সংঘর্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট।

জোটের কেন্দ্রীয় নেতারা আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যেকোনো ঘটনাকে রাজনৈতিক সুবিধালাভে ব্যবহার করা সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে।

বিবৃতিতে নেতারা বলেন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতার কারণে সংঘাত-সংঘর্ষ প্রলম্বিত হয়েছে। ওই ঘটনায় দুজন নির্মমভাবে প্রাণ হারিয়েছে এবং অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ আহত হয়েছে।

ওই ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করে দায়ীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার।
তুচ্ছ ঘটনাকে এত দূর গড়াতে দেওয়ার দায়-দায়িত্ব অবশ্যই প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলেও উল্লেখ করেছেন নেতারা।

বিবৃতিদাতারা হলেন- বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এবং সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.