ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট কেনা যাবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে ৫ দিন পরের অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল পাওয়া যাবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল পাওয়া যাবে ১ মে’র টিকিট। তবে, রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল মিলবে ২ মে’র টিকেট।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।

স্টেশনের কাউন্টারে সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকিট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত। আর অনলাইনে টিকিট পাওয়া যাবে সকাল ৬টা থেকে।

এতে আরও জানানো হয়, এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

এ ছাড়া ঈদের আগে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস চালু না হলে, তার ইঞ্জিন ও বগি দিয়ে ‘খুলনা স্পেশাল’ নামে ঢাকা-খুলনা রুটে একটি বাড়তি ট্রেন যুক্ত হবে। ঈদের দিন শোলাকিয়া ঈদগাঁর উদ্দেশে স্পেশাল নামে এক জোড়া ট্রেন চলবে। ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.