দেশের উন্নয়নে ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি।

তিনি বলেন, দেশের উন্নয়নের এই অগ্রযাত্রাকে যেন কখনো কেউ ব্যাহত করতে না পারে সে লক্ষ্যেই কাজ করছি।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে (ভার্চ্যুয়ালি) গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এ সময় এ বাহিনীর যেকোনো ধরনের জরুরি সহযোগিতায় আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড গঠনের কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলেই সরকার উন্নয়ন করতে পারছে। আর উন্নয়ন করতে পেরেছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এ মর্যাদা ধরে রাখতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি।

এ সময় আনসারদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গি দমনে আনসার সদস্যরা ভূমিকা রাখছে। ভাষা আন্দোলনে জীবন দিয়েছে আনসার সদস্য আব্দুল জব্বার। মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দিয়েছে। দেশের সব উন্নয়ন কার্যক্রমে এলাকায় নিরাপত্তা দেয় আনসার সদস্যরা।

প্রধানমন্ত্রী আশা করেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাহিনীর সুনাম, ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক আর্থসামাজিক উন্নয়নে আরও অবদান রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।

শেখ হাসিনা বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে, ৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব, এরই পরিপ্রেক্ষিতে পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি। তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা এখানেই থেমে থাকিনি, শতবর্ষের প্রোগ্রামও আমরা নিয়েছি-ডেল্টা প্ল্যান ২১০০।’

এর আগে, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৬২ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সমাবেশে উপস্থিত থেকে এসব পদক তুলে দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.