সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত হাতিরঝিলে যান চলাচল বন্ধ

রাজধানীর হাতিরঝিলে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরঝিলসহ রাজধানীর কয়েকটি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানিয়েছেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ওই দিন রেইনবো ক্রসিং হয়ে যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা ও বাড্ডায় চলাচল করার পরিবর্তে মগবাজার, মৌচাক হয়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে। রামপুরা ইউলুপ ও ইসলাম টাওয়ার হয়ে হাতিরঝিলের মধ্য দিয়ে চলাচলের পরিবর্তে গাড়ি গুলশান-বাড্ডা লিংক রোড হয়ে যেতে পারবে।

এ ছাড়া পুলিশ প্লাজা হয়ে যেসব গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেত, ওই সব গাড়িকে পুলিশ প্লাজা ও শুটিং ক্লাবের মধ্যের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাওয়ার অনুরোধ করেছে ডিএমপি। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন চলাকালে যানবাহন চলাচলের ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়াতে সবার সহযোগিতা চেয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.