যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিন জনের মৃত‌্যু হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- মোছাম্মদ শারমিন (৩৮), রিয়াজুল ইসলাম (৪০) ও আব্দুর রহমান (৫৫)। তারা সম্পর্কে বাবা-মেয়ে ও মেয়ের জামাই। তাদের বাড়ি বরিশালের উজিরপুরে।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের তিন জনকে উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তাদের তিন জনকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.