বন-সাই

বন-সাই


পীযূষ কান্তি সরকার

 

শীতের সোনালি রোদে

ঝলমলে আঙিনাটুকু

বিশাল আবাসনের গর্ভে বিলীন —

একমাত্র ভরসা বনসাই চাষ।

বিশাল বিশাল মহীরূহ

আমাদের ছোট্ট টবে বন্দি।

যাদের রুদ্রতেজে পাষাণের ঘুম ভাঙে

কেঁপে ওঠে প্রাসাদের ভিত ,

শাখায় শাখায় শুধু কূজন-গুঞ্জন

রবিরশ্মি পরাজিত ছত্রছায়ায়

তারা আজ তেজহীন, দীপ্তিহীন, পঙ্গু।

 

দিন যায়, মাস যায়

বছর ঘুরে আসে

কারো ঝুরি নামে

কারো ফোটে ফুল, কারো ফল।

ওরা এই পৃথিবীর নব বামন – অবতার।


 

 

 

পীযূষ কান্তি সরকার

কদমতলা, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।

পরিচিতি —

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার কদমতলা অঞ্চলে ১৯৬১ সালে জন্ম সাত পুরুষের ভিটেয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমাপ্রাপ্ত হওয়ার পর রামকৃষ্ঞ মিশন নরেন্দ্রপুরের আইটিআই- এ শিক্ষকের চাকুরিলাভ। সদ্য অবসর লাভের পর লেখায় মনোনিবেশ। বহুদিন যাবৎ লেখালিখির সঙ্গে জড়িত। আনন্দবাজার, বর্তমান, প্রতিদিন, শুকতারা, নব কল্লোল, কথাসাহিত্য সহ বহু পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত। ‘জীবনের জানলায়’ আর ‘আলোর কলম’ দুটি কবিতার বই প্রকাশিত।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.