রাতের আঁধারে হোটেল থেকে তাড়ানো হলো পাকিস্তানি ক্রিকেটারদের

কায়েদ-ই-আজম ট্রফির ফাইনালে উঠেছে খাইবার পাখতুনখাওয়া ও নর্দার্ন। আগামী ২৫ ডিসেম্বর করাচিতে হবে শিরোপার লড়াই। নিজেদের তরতাজা রাখতে টিম হোটেলে প্রাণভরে একটু ঘুমিয়ে নিতে চেয়েছিলেন দুই দলের ক্রিকেটারদের। কিন্তু বুধবার (২২ ডিসেম্বর) রাতে হঠাৎ করে ব্যাগবোচকা নিয়ে রাস্তায় নামতে হলো তাদের।

ফাইনালের আগে অপ্রত্যাশিত ভোগান্তির মুখে পড়েছে পাকিস্তানের দুই দলের ক্রিকেটাররা। ক্লাব রোডে অবস্থিত পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষ রাতের বেলা তাদের বের করে দিয়েছে। এজন্য দায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের গাফিলতি।

হোটেল ম্যানেজমেন্ট অনুযায়ী পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন বলছে, দুই দলের জন্য হোটেল বুকিং করা ছিল ২২ ডিসেম্বর পর্যন্ত। বুকিং টাইম শেষ হওয়ায় দুই দলকে বের করে দেওয়া হয়।

পরে অবশ্য পিসিবি ম্যানেজমেন্ট পদক্ষেপ নেয় এবং আরেকটি হোটেলে দুই দলের থাকার ব্যবস্থা করে। এই ঘটনায় দুই দলের বায়ো-বাবল নিরাপত্তা ভেঙে গেল।

আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, একই হোটেলে থাকছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও। আগামী শনিবার ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল হবে গোলাপি বলে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.