ভাড়া বাড়ানোর ঘোষণায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হলেও সিলেটে এখনো ট্রাক চলাচল বন্ধ আছে। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
রোববার (৭ নভেম্বর) রাত ৮টায় পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সিলেটেও পণ্যবাহী যান চলবে না।
রোববার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের খবরে সিলেটে বাস চলাচল শুরু হয়েছে। এতে জনমনে স্বস্তি নেমে এসেছে। দূরপাল্লার যাত্রীরা বাস টার্মিনাল ও আঞ্চলিক বাসস্ট্যান্ডে ছুটছেন। সন্ধ্যায় কুমারগাও বাস স্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, সড়কে ডেকে ডেকে যাত্রী তুলছেন হেল্পাররা। কদমতলী বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে দূরপাল্লার বাস।
অন্যদিকে, সিলেটের বিভিন্ন স্থানে সড়কের পাশে সারিবদ্ধভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ ফয়েজ বলেছেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধর্মঘট প্রত্যাহার করব না। কেবল তেলের দাম কমলেই ধর্মঘট প্রত্যাহার করব।’
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সিলেটসহ সারা দেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন পরিবহন মালিক সমিতি। তবে, রোববার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দপ্তরে ভাড়া পুনঃনির্ধারণের বৈঠকে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

