যুক্তরাজ্যে রোড শো বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ারবাজারের ব্যাপ্তি বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্টে যুক্তরাজ্যে রোড শো করতে যাচ্ছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ রোড শো বিএসইসি’র চতুর্থতম আয়োজন।

লন্ডনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) ও ম্যানচেস্টারে রোবববার (৮ নভেম্বর) এ দুই দিনব্যাপী রোড শো অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের রোড শো’র উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়ত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম। এছাড়া, রোড শোতে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

রোড শোতে লন্ডনের বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের গৃহীত বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআই’র বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা আমন্ত্রিত অতিথিদের সামনে তুলে ধরা হবে।

এর আগে প্রথম দফায় দুবাইতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ডে সাফলতার সঙ্গে রোড শো সম্পন্ন করেছে বিএসইসি। আর চতুর্থ দফায় যুক্তরাজ্যে রোড সফলভাবে সম্পন্নের পর কাতার, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বিএসইসি ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।

লন্ডন ও ম্যানচেস্টারে রোড শোটি স্থানীয় সময় সকাল ১০টায় এবং বাংলাদেশ সময় বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ওয়েবসাইট https://roadshow.sec.gov.bd/ , ফেসবুক পেজ https://www.facebook.com/bsecroadshow/
এবং ইউটিউব চ্যানেল https://www.youtube.com/channel/UC_68BbvHTe4RV2WF25BalYw থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এবারের রোড শোতে মডারেটরের দায়িত্ব পালন করবেন সিএনএন ইউরোপের সম্পাদক নিনা ডস সান্তোস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.