সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করা উচিত: ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পিছনে যারা ইন্ধন যোগাচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন করা উচিত। উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের সৃষ্টি করেছি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণফোরামের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ড. কামাল হোসেন বলেন, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার থাকবে। প্রত্যেক ধর্মের অনুসারীরা নিজ নিজ ধর্ম পালনে কোন ধরণের বাধার সম্মুখিন হবে না। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রেখে সবাই নিজ নিজ ধর্ম ও উৎসব পালন করে যাবে এটাই স্বাভাবিক।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জাতিগত বিরোধ সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আ.ও.ম শফিক উল্লাহ প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.