শেহনাজের কোলেই শেষ ঘুম, আর ওঠেননি সিদ্ধার্থ!

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে গেছেন ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। তার মৃত্যুতে শোকস্তব্ধ তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা।

এই অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী শেহনাজ গিল। প্রিয় মানুষটির মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩ তম আসরে সিদ্ধার্থের সঙ্গে শেহনাজও প্রতিযোগী হিসেবে ছিলেন। দর্শকের মাঝে তাদের রসায়ন বেশ সাড়া ফেলেছিল। অনেকেই ধারণা করেছিলেন প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। যদিও বিষয়টি অস্বীকার করেছেন এই জুটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকেই অস্বস্তিবোধ করছিলেন সিদ্ধার্থ শুক্লা। সেই সময় পাশে ছিলেন তার মা রিতা শুক্লা ও শেহনাজ। সিদ্ধার্থকে লেবু পানি ও আইসক্রিম খাওয়ান তারা। এরপর বিশ্রাম নিতে বলেন।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে জানায়, রাত দেড়টার দিকে শেহনাজের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ। পরে সকাল সাতটার দিকে এই অভিনেত্রীর ঘুম ভাঙলে তিনি খেয়াল করেন তখনো ঘুমিয়ে সিদ্ধার্থ এবং কোনো নড়াচড়া করছেন না। এরপর পরিবারের সদস্যদের ডেকে দ্রুত তাকে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হয়।

যদিও এই খবরের সত্যটা কতটুকু তা জানা যায়নি। কারণ এর আগে বৃহস্পতিবার শেহনাজের বাবা সন্তোখ সিং সুখ একটি সংবাদমাধ্যমে জানান, শুটিং সেটে সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর খবর পান শেহনাজ। আকস্মিক খবরটি শুনেই শুটিং বন্ধ করেন তিনি। কান্নায় ভেঙে পড়েন। এই অভিনেত্রীর বাবা বলেন, ‘শেহনাজ একেবারেই কথা বলার মতো অবস্থাতে নেই। এখনো বিশ্বাসই করতে পারছে না।’

‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তাক’সহ বেশ কয়েকটি টিভি ধারবাহিকে দেখা গেছে সিদ্ধার্থ শুক্লাকে। ‘বিগ বস’ ছাড়াও ‘ঝলক দিখলা যা সিক্স’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘খতড়ো কে খিলাড়ি’র মতো রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে বলে জনান কর্তব্যরত চিকিৎসক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.