গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি সাদা সিংহ মারা গেছে ।
গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পার্কের আফ্রিকান কোর সাফারি অংশে বেষ্টনীরে ভেতরে সিংহটিকে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান নিশ্চিত করেছেন।
তবিবুর রহমান জানিয়েছেন, পার্কে ১১টি সিংহ ছিল। এর মধ্যে চারটি পুরুষ এবং সাতটি নারী সিংহ। শুক্রবার দর্শনাথীদের জন্য পাঁচটি সিংহ বেষ্টনীতে ছাড়া হয়েছিল। বিকেলে বেষ্টনীতে খাবার দেওয়ার সময় চারটি সিংহ খাবার খেতে আসে।
একটি পুরুষ সাদা সিংহ খাবার খেতে না আসায় তার খোঁজ নেওয়া হয়। পার্কের বন্যপ্রাণি সুপারভাইজার সারোয়ার হোসেন সিংহটিকে বেষ্টনীর একটি গাছের নিচে স্বাভাবিকভাবে শুয়ে থাকতে দেখেন। তিনি কাছে গিয়ে সিংহটিকে মৃত অবস্থায় দেখতে পান। মারা যাওয়া সিংহটি ৫-৬ বছর আগে এ পার্কেই জন্ম নেয়।
সাফারি পার্কে কর্মরত ভেটেনারি চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাঈন জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। তবে সিংহটি তুলনামূলকভাবে একটু বেশি মোটা ছিল। তাই হিটস্ট্রোক করে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, সিংহটি মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য আলামত ঢাকা সেন্টাল ডিজিস ইনভেস্টিগেশন ল্যাবে পাঠানো হবে। পরে প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল মৃত সিংহটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

