তারা উচ্চবিত্তদের ব্ল্যাকমেইলিং করতেন :গোয়েন্দা পুলিশ

রাজধানীর পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে দুই মডেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এরমধ্যে একজন হলেন বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা।আর অপরজন হলেন মডেল মরিয়ম আক্তার মৌ ওরফে মৌ আক্তার।

তাদের আটকের পর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এই দুই মডেল একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা উচ্চবিত্তদের ব্ল্যাকমেইলিং করতেন।

মোহাম্মদপুরে মডেল মৌকে আটকের পর তার বাসার নিচে সংবাদ সম্মেলন করে ডিবি উত্তর বিভাগের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ বলেন, তাদের বিরুদ্ধে আমরা অনেক ব্ল্যাকমেইলের অভিযোগ পেয়েছি। সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে আজ (রোববার) তাদের বাসায় অভিযান পরিচালনা করা হয়। দুজনের বাসায় বিদেশি মদ, ইয়াবা ও সিসা পাওয়া গেছে। মৌয়ের বাড়িতে মদের বারও ছিল।

তিনি বলেন, আটক দুই মডেল হচ্ছেন রাতের রানী। তারা দিনের বেলায় ঘুমান এবং রাতে এসব কর্মকাণ্ড করেন। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পার্টির নামে বাসায় ডেকে এনে তাদের সঙ্গে আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে রাখতেন তারা। পরবর্তীতে সেসব ভিডিও এবং ছবি ভিকটিমদের পরিবারকে পাঠানোর কথা বলে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন এই দুই মডেল।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, আটক এই দুই মডেলের বিরুদ্ধে মোহাম্মদপুর ও গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগেও আলাদা মামলা হবে। এসব মামলায় তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.