বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আলোচনা সভা করে, বক্তৃতা করে কাজ হবে না। সরকার পতনের আন্দোলনের ডাক দিন। এর মাধ্যমে আমরা আরেকটি ইতিহাস সৃষ্টি করব। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ সভার আয়োজন করে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। আর আমরা করছি আলোচনা সভা। সেখানে বক্তৃতা করে যাচ্ছি। আমার মনে হয়, আলোচনা সভা করে কথা বলে আর কাজ হবে না। কথা বলার চেয়ে এখন জরুরি সরকার পতন আন্দোলন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের স পরিচালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

