কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকা নেয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। লাশ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের লাশ বুঝিয়ে দেয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.