আটলান্টিক সিটিতে ২৭ জুলাই, মংগলবার বিএএসজের উদ্যোগে বাংলাদেশ মেলা

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত।এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস।এই প্রবাসী বালাদেশিদের বাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’, যার জন্য প্রবাসী বাংলাদেশিরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।

 

এই বছর আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ জুলাই ২০২১,মঙ্গলবার। ঐদিন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)র উদ্যোগে আটলান্টিক সিটির সেন্ডসক্যাসেল স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলবে ‘বাংলাদেশ মেলা’র কার্যক্রম।

বাংলাদেশ মেলায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা । তাছাড়া মেলায় পরিবেশিত হবে আবৃত্তি, নৃত্য।এছাড়া থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশি পণ্যের সমাহার।মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

 

প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মেলা ‘বাংলাদেশ মেলা’ সফল ও সার্থক করে তোলার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ডের সভাপতি আবদুর রফিক,কার্যকরী সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

 

উল্লেখ্য, গত বছর করোনা মহামারীর কারনে ‘বাংলাদেশ মেলা’ অনুষ্ঠিত না হওয়ায় সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন আগামী সাতাশ জুলাই তারিখের সেই মাহেন্দ্রক্ষণের জন্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.