নতুন করে অভিনয় শুরু করেছি

সময়ের জনপ্রিয় চিত্রনায়কদের একজন সিয়াম আহমেদ। বিরতির পর আবারও কাজে ফিরেছেন এই অভিনেতা। গতকাল থেকে অংশ নিয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফির ‘দামাল’ ছবির শেষ লটের কাজে।

কাজে ফিরে কেমন লাগছে? জানতে চাইলে সিয়াম বলেন, ‘ভালোই লাগছে। অনেক দিন পর কাজে ফিরলাম। মনে হচ্ছে, নতুন করে অভিনয় শুরু করেছি। চ্যালেঞ্জিং একটা কাজ দিয়ে ফেরা হলো। সুন্দর একটা লোকেশনে কাজ হচ্ছে। তবে কোথায় কাজ হচ্ছে সেটি বলা যাবে না।’

‘অপারেশন সুন্দরবন’র কাজ কতদূর? উত্তরে এই অভিনেতা বলেন, ‘দীপংকর দাদার (দীপংকর দীপন) পরিচালনায় “অপারেশন সুন্দরবন” ছবির কাজ প্রায় শেষ। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এর মধ্যেই উনি আমাকে “অন্তর্জাল” ছবির প্রস্তাব দেন। গল্পটি এক কথায় দারুণ। আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনও চুক্তিবদ্ধ হয়নি। পান্ডুলিপি পড়ার পর বুঝতে পারবো চরিত্রটি করতে পারবো কি-না। খুব শীঘ্রই এই বিষয়ে জানানো হবে।’

হাতে থাকা অন্য ছবিগুলোর খবর জানতে চাইলে সিয়াম জানান, ‘মৃধা ভার্সেস মৃধা’ ছবির শেষ দিকে আছে। ‘শান’, ‘পাপ পূণ্য’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তির অপেক্ষায়। আর তার প্রথম ওয়েব সিরিজ ‘মরীচিকা’ও মুক্তি পাবে সামনে। পাশাপাশি কিছু নতুন ছবি ও ওয়েব সিরিজে কাজের বিষয়ে কথা চলছে তার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.