আ.লীগ নেতাদের ঈদের শুভেচ্ছা জানাল বিএনপি

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজনদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছে বিএনপি। কারাববন্দী হওয়ার আগে প্রতিবছর এভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেও ঈদ কার্ড দিতেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর উপ-কমিটির সদস্য আলী হোসেনের কাছে শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কার্ড পৌঁছে দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের নেতৃত্বে তিনি সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু ও নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার।

আবদুস সালাম আজাদ বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেওয়া ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ সংক্রান্ত ঈদ শুভেচ্ছা কার্ড দুটি আমরা আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দিয়েছি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়াও বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, এলডিপির সভাপতি ড. অলি আহমেদ বীরবিক্রম, জেএসডির সভাপতি আসম আবদুর রব, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টি (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.