জেএমবির ভারপ্রাপ্ত আমির গ্রেপ্তার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ ওরফে শিহাবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

গতকাল শনিবার সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এডিসি রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস টিম রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমির হিসেবে নিযুক্ত রয়েছেন। সংগঠনটির একমাত্র শূরা সদস্যও তিনি। অনেকদিন পর জেএমবির শীর্ষ কোনো নেতা ধরা পড়ল। সর্বশেষ জেএমবির ভারপ্রাপ্ত আমির ছিলেন ইঞ্জিনিয়ার খুরশিদ আলম। ২০১৮ সালের দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান তিনি।

গ্রেপ্তারকৃত রেজাউল রেজা ভারতে পলাতক জেএমবির আমির সালাউদ্দিন সালেহীনের নির্দেশে বাংলাদেশে জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। ২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলার ঘটনায় তিনি গ্রেপ্তার হন। ২০১৭ সালে জামিনে কারাগার থেকে বেরিয়ে ফের জেএমবির কার্যক্রমের সঙ্গে যুক্ত হন।

তার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা তদন্তাধীন রয়েছে। এছাড়া ঢাকার জিআরপি ও বিমানবন্দর থানায় দায়ের করা ২টি মামলা বিচারাধীন রয়েছে।

সিটিটিসির কর্মকর্তারা বলছেন, জেএমবির এই শূরা সদস্য দেশব্যাপী সাংগঠনিক সফরের মাধ্যমে সদস্য সংগ্রহ করে আসছিল। জেএমবি সদস্যদের কাছ থেকে সংগৃহীত চাঁদার টাকায় গঠিত তহবিলের (বায়তুলমাল) তত্ত্বাবধান করতো রেজাউল রেজা। কারাবন্দি জেএমবি সদস্যদের পরিবারকে এই তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হতো। রেজাউল রেজা সারাদেশে ছড়িয়ে থাকা জেএমবি সদস্যদের মাঝে উগ্র মৌলবাদ বিষয়ে বক্তব্য প্রচার করে সংগঠিত করে আসছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.