তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তার মৃত্যু

তুরস্কে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ সেনা কর্মকর্তার। আহত হয়েছেন আরও দুজন।

জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। বৃহস্পতিবার (৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ২ জন। আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি।

তুরস্কের প্রধান জাতীয়তাবাদী দলের নেতা দেভলেত বাচেলি টুইটারে জানিয়েছেন, নিহতদের মধ্যে তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.