টিকা নিয়ে মানুষ বেপরোয়া হয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা নিয়ে মানুষ আরও বেশি বেপরোয়া হয়ে গেছে। দেশ থেকে করোনা ভাইরাস যায়নি। টিকা নিয়েও মানুষ এখন স্বাস্থ্যবিধি মানছে না। ফলে বিপদ ডেকে আনছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ২ শতাংশের ঘরে নেমে গিয়েছিল। এখন তা আবার বেড়ে ৬ শতাংশের কাছাকাছি চলে গেছে। এটা আশঙ্কাজনক। আমরা মাস্ক ব্যবহার করছি না। সামাজিক দূরুত্ব বজায় রাখতে কুণ্ঠাবোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবারও বেড়ে গেছে।

জাহিদ মালেক বলেন, সংক্রমণ ঠেকাতে এর মধ্যে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বুধবার সারা দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। জেলা পর্যায়ে চিঠি দেয়া হয়েছে। জেলার কমিটি যেন যথাযথ পদক্ষেপ নেয়। বিভিন্ন প্রোগ্রাম যেন সীমিত করে। যেগুলো না করলে সমস্যা হবে না, সেগুলো যেন স্থগিত করে।

বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কথা হয়েছে, তারা যেন তাদের হাসপাতালগুলো প্রস্তুত রাখে। হাসপাতালে যে বেড বরাদ্দ ছিল, সেগুলো আবারও প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যা প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা করা হয়েছে।

কোভ্যাক্সের টিকা পাওয়ার অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী জুন নাগাদ এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে ১ কোটি ৯ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসতে পারে। কিছু দেশকে কোভ্যাক্সের টিকা দেয়া শুরু হয়েছে। আমাদের জানানো হয়েছে। জুন মাসের আগে আমরা কিছু ভ্যাকসিন পাবো। জুনের মধ্যে ১ কোটি ৯ লাখ টিকা দেয়ার কথা। কিন্তু এখনও সঠিক তারিখ দেয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.