যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলায় আহত হওয়া এক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্যাপিটল পুলিশের বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। এ নিয়ে ক্যাপিটল হিলে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) কংগ্রেস অধিবেশনে জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলছিল। সেখানে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। অধিবেশন চলাকালে হঠাৎ করেই ট্রাম্প সমর্থকরা সেখানে তাণ্ডব শুরু করে। ভাঙচুরের পাশাপাশি সেখানে গোলাগুলিও হয়েছে। এতে ওই নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এর আগে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সামনে কয়েক হাজার ট্রাম্প সমর্থক কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে জড়ো হন। সেই সমাবেশের বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এর পরেই অধিবেশনে ট্রাম্প সমর্থকদের হামলা ও সহিংস বিক্ষোভের মুখে ভবনটি অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ।
কয়েকশ ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন। যাদের মধ্যে উগ্রপন্থি বিভিন্ন গ্রুপের সদস্যরাও রয়েছেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ।
সংঘর্ষ চলাকালে প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেজেন্টেটিভস) সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে পুলিশ। কয়েকজন ট্রাম্প সমর্থক আইনপ্রণেতার নির্বাচনের ফল বাতিলের প্রস্তাব নিয়ে আলোচনা চলার মধ্যেই সেখানে এই গোলযোগের সৃষ্টি হয়।

