করোনায় আরও এক পুলিশের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তার নাম মো. আব্দুল মান্নান। তিনি নওগাঁ জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনকালে ৮৪ জন পুলিশ সদস্য মারা গেলেন।

পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে গত ৩০ ডিসেম্বর নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৩১ ডিসেম্বর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তখন তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ সোমবার ওই নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়ি গাইবান্ধায় পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.