সানা খানকে যে কারণে বিয়ে করলেন মুফতি আনাস

হঠাৎ করেই গত অক্টোবর মাসে বিনোদন দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। এর পরের মাসেই তিনি গুজরাটের আলেম মুফতি আনাস সাইদকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন এই দম্পতি। এমনকি সানাকে বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন দুজনই। অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া ও তার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মুফতি আনাস সাইদ।

ভারতের সংবাদমাধ্যম জিনিউজকে আনাস সাঈদ জানান, সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পেছনে তার কোনো হাত নেই। তিনি বলেন, ‘আমি কখনোই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি। ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন, তিনি হিজাব পরবেন। সবাই ভেবেছিল, এটা হয়তোবা মহামারি করোনার কারণে। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেওয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম।’

সাঈদ আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম, হয়তো এত খুশি হতাম না। সানা নিজে সম্পূর্ণ নয়, তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে।’

তিনি বলেন, ‘পরিচিতরা এখনো আমাকে জিজ্ঞাসা করছেন যে, আমি কীভাবে কোনো অভিনেত্রীকে বিয়ে করতে পারলাম? যারা এমন প্রশ্ন করছেন তারা ভীষণই সংকীর্ণ মনের। এটি আমার জীবন এবং এ বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। অন্যরা নির্দ্বিধায় ভাবতে পারে যে আমদের মধ্যে কোনো মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।’

উল্লেখ্য, বিয়ের পর স্বামী মুফতি আনাস সাঈদের সঙ্গে নানা ছবি-ভিডিও পোস্ট করে যাচ্ছেন নিয়মিত। আর সানার সেসব পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েকদিন আগে সানা হানিমুনের ছবি পোস্ট করেন। হানিমুন করতে ভূস্বর্গ কাশ্মীরে গেছেন সানা খান। এর আগে স্বামীর সঙ্গে ‘আয়াতুল কুরসি’ পাঠ করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সানা। যা রীতিমতো ভাইরাল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.