রাঙ্গামাটিতে বন্দুকযুদ্ধে জেএসএস কালেক্টর নিহত

রাঙ্গামাটিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মিলটন চাকমা (৩৮) নামে জনসংহতি সমিতির (জেএসএস) এক সদস্য নিহত হয়েছেন।

রোববার মধ্যরাতে সদর উপজেলার জীবতলী ডলুছড়ি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলটন সদর উপজেলার মগবান ইউনিয়নের ইল্লাছড়ি গ্রামের মৃত সুরেশ মণি চাকমার ছেলে। তিনি জেএসএস মূল দলের কালেক্টর ছিলেন বলে সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

জানা যায়, ওই এলাকায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর লক্ষ্য করে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত গুলিবর্ষণ করে। এতে আত্মরক্ষায় সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই মিলটন চাকমা মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন ও জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার কর্মকর্তা (ডিআইওয়ান) মো. নজিবুল্ল্যাহ জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তা বাহিনীর টহল দলের ওপর সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে জেএসএস কালেক্টর মিলটন চাকমা মারা যান। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.