ভারতকে নেতৃত্ব দেওয়ার মতো ধারাবাহিকতা রাহুল গান্ধীর মধ্যে নেই : শরদ পওয়ার

‘দেশকে নেতৃত্ব দেওয়ার মতো ধারাবাহিকতা হয়তো রাহুল গান্ধীর মধ্যে নেই।’ না বিজেপি  বা বিরোধী শিবিরের কোনও নেতা নয়, একথা বলছেন কংগ্রেসেরই পুরনো এবং বিশ্বস্ত জোটসঙ্গী শরদ পওয়ার । তাঁর মতে, নেতা হিসেবে যে ধারাবাহিকতার প্রয়োজন, সেটা সম্ভবত রাহুল গান্ধীর মধ্যে দেখতে পাচ্ছে না দেশবাসী। তবে, রাহুল সম্পর্কে বারাক ওবামা নিজের বইয়ে যে মন্তব্য করেছেন, সেটাকেও সমর্থন করেন না পওয়ার।

বস্তুত, রাহুলের  গ্রহণযোগ্যতা নিয়ে পওয়ারের প্রশ্ন তোলাটা নতুন কিছু নয়। এনসিপি (NCP) সুপ্রিমো আগেও কংগ্রেসের প্রধান মুখের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে, সম্ভবত এই প্রথমবার সরাসরি তাঁর দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন পওয়ার। এক সাক্ষাৎকার বৃহস্পতিবার তাঁকে বলতে শোনা গেল,”এ বিষয়ে (রাহুলের নেতৃত্ব নিয়ে) কিছু প্রশ্ন আছে। ওঁর মধ্যে হয়তো সেই ধারাবাহিকতা নেই।” তবে, রাহুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুললেও গান্ধী পরিবারের ঐতিহ্যের প্রতি এখনও আস্থা আছে মারাঠা নেতার। তিনি বলছেন,”সোনিয়া গান্ধীর  সঙ্গে, গান্ধী পরিবারের সঙ্গে আমার মতপার্থক্য আছে। কিন্তু এটাও সত্যি যে, আজও কংগ্রেসীরা গান্ধী-নেহেরু পরিবারের প্রতি আস্থা রাখে।” রাহুল সম্পর্কে বারাক ওবামার মন্তব্যেরও এদিনে নিন্দা করেছেন তিনি। পওয়ার বলছিলেন,”আমরা নিজেদের নেতাকে নিয়ে যা খুশি বলতে পারি। কিন্তু অন্য দেশের নেতাকে নিয়ে আমার কথা বলা উচিত নয়। আমার মনে হয়, এক্ষেত্রে ওবামা নিজের সীমা লঙ্ঘন করেছেন।” প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের বিরোধিতা করলেও পওয়ার যেভাবে রাহুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুললেন, তাতে আগামী দিনে কংগ্রেস  নেতার গ্রহণযোগ্যতা যে আরও খানিকটা ধাক্কা খেল, সেটা বলাই বাহুল্য।সুত্র, সংবাদ প্রতিদিন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.