নভেল করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে যখন বিশ্বজুড়ে আতঙ্ক ঠিক তখনই বাংলাদেশের গবেষকরা বলছেন, এটা নতুন নয়। দু’মাস আগেই তারা গবেষণায় এর সন্ধান পেয়েছিলেন। এখন প্রশ্ন উঠেছে, তারপরও তারা কেন নীরব ছিলেন।
ভয়েস আমেরিকা জানায়, বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেন ভাইরাস বিশেষজ্ঞ ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘ সারা পৃথিবীতে নতুন স্ট্রেইন নিয়ে তোলপাড় হচ্ছে, এখন তারা বলছে, বাংলাদেশে আগেই থেকেই ছিল। তারা কেন জাতীয় কমিটিকে এ তথ্য দেয়নি।’
যুক্তরাজ্যে নতুন স্ট্রেইন হানা দিয়েছে এমন খবরে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। এর জেরে ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। বলা হচ্ছে, নতুন স্টেইন এতটাই ছোঁয়াচে যা কিনা চলমান করোনা থেকে ৭০ ভাগ দ্রুত গতিতে ছড়ায়। বাংলাদেশের আতঙ্ক রয়েছে। কারণ লন্ডনে সঙ্গে ঢাকার যোগাযোগ এখনো বহাল।
বৃহস্পতিবার ১৬৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। সাত দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের।
এরই মধ্যে প্রকাশ পায়, যুক্তরাজ্যে যে স্ট্রেইনের সন্ধান মিলেছে তার সঙ্গে বাংলাদেশে পাওয়া স্টেইনের মিল রয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান জানান, তারা ক,মাস আগেই গবেষণা করে ১৭টি জিনোম সিকোয়েন্সের মধ্যে পাঁচটি করোনার এই নতুন স্ট্রেইন খুঁজে পান।
তিনি বলেন, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়। যুক্তরাজ্যের শনাক্ত নতুন ভাইরাসটির স্টেইনে যে বৈশিশ্ট আছে, তার সঙ্গে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিলা না থাকলেও অনেকটাই মিল রয়েছে।’
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘তাদের দায়িত্ব ছিল নতুন স্টেইন পাওয়ার সঙ্গে সঙ্গে জানানো। কারণ, যুক্তরাজ্যে যে রকম নতুন স্ট্রেইন উদ্ভব হলো, আমাদের দেশেও তো সেরকম একটা হতে পারে। পাওয়ার সঙ্গে সঙ্গে জানালে সেটা নিয়ে আমরা আরও গবেষণা করে দেখতে পারবো। পেয়ে সেটা নিয়ে চুপ করে বেসে থাকলে এ ধরনের গবেষণা করে লাভ কী?’

