হাসপাতালে অভিনেতা আলী যাকের

হাসপাতালে ভর্তি করা হয়েছে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে। চলতি সপ্তাহে নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন আলী যাকেরের পুত্র ইরেশ যাকের।

গত ৪ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন আলী যাকের। এ ছাড়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি।

ইরশে যাকের বলেন—শারীরিকভাবে একটু অসুস্থ এজন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন শারীরিক অবস্থা আছে মোটামুটি। চিকিৎসকরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।

আলী যাকেরর স্ত্রী অভিনেত্রী সারা যাকের বলেন—অনেক দিন ধরেই তো আলী যাকেরের শারীরিক অবস্থা খারাপ যাচ্ছে। তা-ও প্রায় ৪ বছর ধরে ক্যানসারে আক্রান্ত। করোনার এই সংকটে খুবই সতর্কতা অবলম্বন করে চলছিল। কিন্তু চলতি সপ্তাহে শারীরিক অবস্থার একটু অবনতি হয়। তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী যাকেরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। গত ৬ নভেম্বর নিজ বাসায় ঘরোয়া আয়োজনে ৭৬তম জন্মদিন পালন করেন এই অভিনেতা।

১৯৬০ সালে সেন্ট গ্রেগরি থেকে ম্যাট্রিক পাস করে নটরডেমে ভর্তি হন আলী যাকের। সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। এরপর সমাজবিজ্ঞানে স্নাতক করেন। অনার্স পড়াকালেই ছাত্ররাজনীতিতে যোগ দিয়েছিলেন। ছাত্র ইউনিয়ন করতেন। অনার্স শেষ হওয়ার পর অর্থাৎ ১৯৬৭ সালে চলে যান করাচি। সেখানেই প্রথম অভিনয় করেন আলী যাকের। ১৯৬৯ সালে ঢাকায় ফিরেন তিনি।

১৯৭২ সালের আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকে অভিনয় করেন। একই বছরের জুন মাসের দিকে আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্যসম্প্রদায়ে যোগ দেন। এই দলের হয়ে আতাউর রহমানের নির্দেশনায় ‘বুড়ো শালিকের ঘাড়ো রোঁ’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৭৩ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ে প্রথম নির্দেশনা দেন বাদল সরকারের ‘বাকি ইতিহাস’ নাটকটি। যা ছিল বাংলাদেশে প্রথম দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী।

দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন নন্দিত এই শিল্পী, তেমনি প্রাপ্তির ঝুলিতে জমা পড়েছে অসংখ্য পুরস্কার। এ তালিকায় রয়েছে, একুশে পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদক প্রভৃতি। ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.