সেদিন নদীটা কেমন যেন শান্ত হয়ে ছিল। জলের বুকে মৃদু ঢেউ, আর দুপারের সবুজ প্রকৃতি যেন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। একটি ছোট্ট ডিঙি নৌকায় চড়ে আমি ও আমার বন্ধু শিপন নদী পার হচ্ছিলাম। মাঝি আপনমনে বৈঠা চালিয়ে যাচ্ছিলেন আর গাইছিলেন, ‘আমায় ভাসাইলিরে, আমায় ডুবাইলিরে’।
এদিকে নৌকার ভেতরে জমে ছিল সামান্য পানি। সেই পানিতে একটি অ্যালুমিনিয়ামের বাটি ভেসে বেড়াচ্ছিল। নৌকা একটু দুললেই বাটিটা এদিক-ওদিক গড়িয়ে গিয়ে নৌকার গায়ে বাড়ি খাচ্ছিল।
খট… খট… খটখট…
একটানা সেই শব্দ। কখনো মৃদু, কখনো একটু জোরে। মনে হচ্ছিল, নৌকার বুকের ভেতর কেউ যেন পুরোনো দিনের কোনো এক অজানা গল্পের দরজায় কড়া নাড়ছে।
শিপন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল,
— দোস্ত, নৌকার এই বাটিটা মনে হয় আমাদের যাত্রার সংগীত হয়ে গেছে!
আমি হেসে বললাম,
— তা-ই তো! প্রকৃতিরও নিজস্ব বাদ্যযন্ত্র আছে, শুধু আমাদের শোনার কান থাকতে হয়।
কিছুক্ষণের মধ্যেই নৌকাটি নদীর ওপারে গিয়ে ভিড়ল। আমরা দুজন নেমে পা বাড়ালাম গ্রামের মেঠোপথে। একটু এগোতেই চোখে পড়ল এক শতবর্ষী বটবৃক্ষ। তার বিশাল ডালপালা চারদিকে ছড়িয়ে আছে। ঝুরিগুলো নেমে এসে মাটিকে আলিঙ্গন করেছে। মনে হলো, কত শতাব্দীর রোদ-বৃষ্টি, কত মানুষের হাসি-কান্না আর কত অজানা ইতিহাস বুকের ভেতর জমিয়ে দাঁড়িয়ে আছে সে।
বটবৃক্ষের ঠিক নিচেই ছোট্ট একটি চায়ের টঙের দোকান। মরচে ধরা পুরোনো টিনের চাল, বাঁশের ভাঙা বেড়া আর সামনে পুরোনো দিনের একখানা কাঠের নড়বড়ে বেঞ্চ। দোকানটির দিকে তাকিয়ে একটু মায়া হলো। মনে হলো, সময় এখানে এসে বোধ হয় একটু থমকে দাঁড়িয়েছে।
আমরা দুজন দোকানটির কাছে এগিয়ে গেলাম। গিয়ে দেখি, দোকানদারের বয়সও বটবৃক্ষের চেয়ে খুব একটা কম হবে না। কাশফুলের মতো সাদা চুল ও দাড়ি। কুঁচকানো গায়ের চামড়া। চোখ পড়ল সেই পুরোনো বেঞ্চটির দিকে। কাঠের গায়ে বয়সের ছাপ, কোথাও কোথাও রং উঠে গেছে, পেরেক উঁচু হয়ে আছে। বেঞ্চটির একটি পা-ও ভাঙা। সেই ভাঙা পায়ের জায়গায় একটি ইট দিয়ে ঠেকা দেওয়া হয়েছে। মনে হলো, কত মানুষের ভার সইতে সইতে সে আজ নিজেই একটু ক্লান্ত। তবু মানুষের বসার জায়গাটুকু এখনো ধরে রেখেছে।
শিপন বেঞ্চটির ওপর হালকা থাপ্পড় দিয়ে বলল,
— বসা যাবে তো?
দোকানদার কিছু বললেন না।
আমি হেসে বললাম,
— আরে, এত বছর ধরে মানুষের ভার সয়েছে, আমাদের দুজনকে আর কতটুকুই বা সইতে হবে!
আমরা দুজন পাশাপাশি বসলাম। বেঞ্চটি সামান্য কেঁপে উঠল। দোকানদার তাঁর কুঁচকানো হাত দিয়ে চা বানাতে ব্যস্ত। কিছুক্ষণ পর মুরুব্বি দুটি ছোট্ট কাচের পেয়ালায় পিরিচসহ চা এনে দিলেন।
আমি ধীরে ধীরে পিরিচে চা ঢেলে, মনের মাধুরী মিশিয়ে, ফুঁ দিয়ে শব্দ করে টেনে টেনে চা খেতে লাগলাম। তারপর একরাশ প্রশান্তি নিয়ে বলে উঠলাম,
— আহ্!
আমার চায়ে চুমুক দেওয়া আর প্রশান্তির ভাব দেখে শিপন বলল,
— দোস্ত, দারুণ তো! দাঁড়া, আমিও পিরিচে ঢেলে তোর মতো করে খাই।
এই বলে সেও আমার মতো করে চা খাওয়া শুরু করল। কিছুক্ষণ পর সেও বলে উঠল,
— আহ্! দারুণ লাগছে!
গরম চায়ের ধোঁয়া উঠছে, আর আমরা শব্দ করে টেনে টেনে চা খাচ্ছি।
সুরুৎ… সুরুৎ… সুরুৎ…
চায়ের সেই পরিচিত শব্দের সঙ্গে মিশে গেল বটপাতার মর্মরধ্বনি, দূরের নদীর কলতান, নৌকার সেই অ্যালুমিনিয়ামের বাটির খটখট শব্দ, ভাঙা বেঞ্চের মৃদু আর্তনাদ আর গ্রামের চিরচেনা নিস্তব্ধতা।
একসময় মনে হলো, এই তো জীবন! বড় কোনো আয়োজন নয়, দামি কোনো রেস্তোরাঁ নয়, বিলাসী কোনো অবকাশযাপনও নয়। একটি ছোট্ট ডিঙি নৌকা, নৌকার ভেতর ভেসে বেড়ানো একটি অ্যালুমিনিয়ামের বাটি, তার খটখট শব্দ, শতবর্ষী বটবৃক্ষের ছায়া, ভাঙা পায়ের একটি বেঞ্চ আর দুই বন্ধুর হাতে দুই পেয়ালা চা। অথচ এই সামান্য আয়োজনের মধ্যেই কী অপার প্রশান্তি! কত যে আনন্দ!
চা শেষ করে পেয়ালাটি নামিয়ে রাখলাম। শিপন তখনো বটবৃক্ষের দিকে তাকিয়ে কী যেন ভাবছে। আমি চোখ ফেরালাম নদীর দিকে। যে নদী কিছুক্ষণ আগে আমাদের এপার থেকে ওপারে নিয়ে এসেছে, সে নদী আপনমনে বয়ে চলেছে তার অনন্ত গন্তব্যের দিকে।
হঠাৎ মনে হলো, জীবনের যাত্রাটাও বুঝি এমনই। কখনো নৌকার ভেতর জমে থাকা পানিতে বাটি ঠোকাঠুকি করে, কখনো ভাঙা বেঞ্চে বসে একটু বিশ্রাম নেয়, আবার কখনো এক পেয়ালা চায়ের ধোঁয়ায় খুঁজে পায় হারিয়ে যাওয়া সুখ।
সময় চলে যায়, মানুষ বদলে যায়, নদীর জলও একদিন হারিয়ে যায় সাগরের বুকে। কিন্তু কিছু মুহূর্ত থেকে যায় হৃদয়ের গহিনে—খটখট শব্দের মতো, চায়ের চুমুকের মতো, আর বটবৃক্ষের পাতার কোমল গানের মতো; মিহি অথচ ভীষণ জীবন্ত।
সেদিনের সেই নদী পার হওয়া, ডিঙি নৌকায় বাটির খটখট শব্দ, বটবৃক্ষের ছায়া ও ঝুরির সৌন্দর্য, ভাঙা বেঞ্চের মায়া আর পিরিচে ঢেলে শব্দ করে চা খাওয়া—সব মিলিয়ে শুধু নদী পার হওয়া কিংবা চা পানের স্মৃতি ছিল না। ছিল জীবনের কাছ থেকে পাওয়া এক টুকরো নির্মল, অতুলনীয় আনন্দ; ছিল ব্যস্ত জীবনের ফাঁকে পাওয়া সামান্য অবসরের এক অনন্য আয়োজন।
কিছু আনন্দের কোনো মূল্য হয় না, কোনো আয়োজন লাগে না। শুধু প্রয়োজন হয় একটি সুন্দর মুহূর্ত, একজন প্রিয় বন্ধু আর এক পেয়ালা চা।
অনিন্দ্য আসাদ
কবি এবং কথাসাহিত্যিক

