পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে মো. সিয়াম নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন ২৫ বছর বয়সী সিয়াম। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জাগিয়ে নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আগুন নিয়ন্ত্রণে আসার পর ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

এক প্রত্যক্ষদর্শী বলেন, রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় বাসের ভেতরে থাকা লোকজন বের হয়ে আসেন এবং আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের সতর্ক করেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়িতে থাকা পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে পানির মজুত শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ‘বাহক’ পরিবহনের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

অপর এক বাস হেলপার বলেন, রাতে তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, ভান্ডারিয়া একটি ট্রানজিট পয়েন্ট হওয়ায় এখানের বাস স্ট্যান্ডের আশপাশে অনেক বাস থাকে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কায় রাতে উপজেলা প্রশাসনের মাধ্যমে আশেপাশের সকল বাসগুলো ভান্ডারিয়া কালেমা চত্বরে নিয়ে আসা হয়। তারপরেও কালেমা চত্বরে দুটি বাসে আগুন দেয়। তবে ভান্ডারিয়া থানা পুলিশের টহলরত পুলিশ থাকাই ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পর্যায়ক্রমে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে একটি বাসের ভেতর থেকে সিয়াম নামে এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান তিনি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.